জাতীয়

কুরবানির হাটে চাঁদাবাজি নিয়ে সরকারের কড়া হুঁশিয়ারি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আসন্ন কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কুরবানির পশু পরিবহন ও আনা-নেয়ার সময় সড়কে চাঁদাবাজি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, আসন্ন কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পশু পরিবহনের সময় জনভোগান্তি ও যানজট কমাতে বিশেষ নজরদারি থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, হাটগুলোর সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। একই সঙ্গে ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল হাট ব্যবস্থাপনায় সহায়তা করবে।

মীর শাহে আলম আরও জানান, বিভিন্ন পক্ষের দেয়া সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে এবং ইজারাদার ও প্রশাসনের সমন্বয়ে হাট পরিচালনা করা হবে। পাশাপাশি হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুরবানির পশুর হাট #চাঁদাবাজি