ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চীন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং সেখানে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ এখন অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপের ওপরও গুরুত্বারোপ করেন।
চীনের এই অবস্থানের প্রশংসা করে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বেইজিং প্রমাণ করেছে যে তারা ইরানের ‘ঘনিষ্ঠ বন্ধু’।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরাইল, পরে এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ওই যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এর জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান, যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তোলে।
বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। একই সঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
এমএ//