আন্তর্জাতিক

গাজাগামী ত্রাণবহরে ইসরাইলি হামলা, বাংলাদেশসহ ১৩ দেশের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরাইলি বাহিনীর হামলা ও মানবাধিকারকর্মীদের আটক করার ঘটনায় বাংলাদেশসহ ১৩টি দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক কনভেনশনের ‘স্পষ্ট লঙ্ঘন’।

বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে শান্তিপূর্ণ বেসামরিক উদ্যোগ হিসেবে এই ত্রাণবহর যাত্রা শুরু করেছিল। কিন্তু গত ৩০ এপ্রিল গ্রিস উপকূলসংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী বহরটিতে হামলা চালায় এবং সেখানে থাকা মানবাধিকারকর্মীদের আটক করে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো— তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিতানিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং স্পেন।

জোটভুক্ত দেশগুলো বলেছে, আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তাকর্মীদের অবৈধভাবে আটক করা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

আটক থাকা কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের ‘অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি’ নিশ্চিত করতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আন্তর্জাতিক আইন রক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে দেশগুলো।

সূত্র: আলজাজিরা

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল #ফিলিস্তিন