পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে—নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গঠনের অপেক্ষায় থাকলেও এখনো নিশ্চিত হয়নি কে বসবেন মুখ্যমন্ত্রীর আসনে। ফলে রাজ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও জল্পনা।
সদ্যসমাপ্ত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে দাবি করা হলেও, এখন মূল আলোচনা ঘুরছে পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে। বিশেষ করে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও ঘনীভূত হয়েছে।
এই পরিস্থিতিতে সামনে আসছে রাজ্য বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী–এর নাম। নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে তিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন।
পাঁচ বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তার দল ক্ষমতায় না এলেও পরবর্তী সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও অবস্থানের কারণে নিয়মিত আলোচনায় থেকেছেন।
বিশেষ করে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ নিয়ে তার একাধিক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি করে। কখনো আলু–পেঁয়াজ রপ্তানি বন্ধের প্রসঙ্গ, আবার কখনো বাংলাদেশ দখল সংক্রান্ত বক্তব্য—এসব মন্তব্য তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
২০২৪’র ২ ডিসেম্বর : বাংলাদেশে আলু-পেঁয়াজ বন্ধ করে দেয়া হবে
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে প্রায়ই সরব থাকতে দেখা যায় পশ্চিমবঙ্গের রাজনীতিক শুভেন্দু অধিকারী–কে। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতেও ভারতে রাজনীতির মাঠ গরম করেছিলেন তিনি। সেই সময় তার মুক্তির দাবি তুলে ভারতে একাধিক কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দাবি পূরণ না হলে সাময়িকভাবে পেট্রাপোল স্থলবন্দর বন্ধ করে দেয়ার পদক্ষেপ নেয়া হতে পারে।
পরবর্তীতে বিষয়টি আরও কঠোর অবস্থানে নিয়ে গিয়ে তিনি নতুন বছর থেকে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার কথাও বলেন বলে জানা যায়। বেনাপোল স্থলবন্দরের বিপরীতে পেট্রাপোলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে তিনি এসব হুমকি দেন।
সমাবেশে শুভেন্দু বলেছিলেন, ‘আজ সিনেমার ট্রেলার দেখিয়ে গেলাম। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পেলে পাঁচ দিন স্থলবন্দর বন্ধ থাকবে। তারপর ২০২৫ সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে। আলু-পেঁয়াজ কী করে যায়, তা আমরা দেখব।’
২০২৪‘র ৮ ডিসেম্বর : রাফাল যদি পাঠিয়ে দেয়া হয়
সেদিন এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু বলেছিলেন, ‘বেশি লাফালাফি করবেন না। কতগুলো অর্বাচীন ঢাকাতে দাঁড়িয়ে কাল বলছে, চার ঘণ্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল-কলেজে পড়েছে বলে জানা নেই আমার। বিজ্ঞানের ন্যূনতম ধ্যান-ধারণা আছে বলে জানা নেই আমার। কতগুলো মাদরাসাতে পড়েছে, ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে।’
তিনি বলেন, ‘আমাদের হাসিমারা বিমানঘাঁটিতে যে রাফাল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেয়া হয়, শুধু আওয়াজেই ওদের... আমি বলতে পারি। ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে।’
‘ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয় কাঁচা নুন। কিন্তু আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপরে পরিশোধিত নুন তৈরি হয়। আমরা ওদের ওপর নির্ভর করি না।’
২০২৪‘র ৯ ডিসেম্বর : কলকাতা দখলের জন্য তিন লাখ রিকশা রওনা দিয়েছে
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শুভেন্দু বলেন, ‘বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার কথা বলছে, হিজবুত তাহরীর—এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল ৭১ সালে। তখন ভারত ছেড়ে দিয়েছিল। এবারও এরা ধরা পড়বে, এবার যাতে ছাড়া না হয়। যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেয়ার জন্য আমরা প্রস্তুত থাকব।’
‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কী ভাই? আছে কী? রাফাল রাখা আছে হাসিমারায়—শুধু আওয়াজ দিলেন না, ওখান থেকে, আমি কালকেও বলেছি আবারও বলছি ভদ্র ভাষায় বলছি…।’
তিনি বলেন, ‘ওখানে মৌলবাদী জঙ্গিদের হাতে রাষ্ট্রযন্ত্র চলে গেছে। আমেরিকা এসে ওসামা বিন লাদেন বা হামাস প্রধানের যে অবস্থা করেছে, সেই একই অবস্থা বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ, এই র্যাডিক্যাল ফোর্সকে শিকড়সুদ্ধ তুলে উপড়ে ফেলার কাজ বিশ্ব সমাজ করবে।’
২০২৪‘র ১০ ডিসেম্বর : হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু বলেন, ‘হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন।’
‘আমরা ওই দেশ সৃষ্টি করেছি। আমাদের ১৭ হাজার সেনা বলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি। আমাদের দেশ দালাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো। এটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস, আমেরিকা-ভারতসহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে অবৈধ সরকারকে উৎখাত করবে।’
২০২৫’র ১২ জানুয়ারি : ওসামা বিন লাদেনের চেয়েও খারাপ অবস্থা হবে
বাংলাদেশের দিকে ইঙ্গিত করে শুভেন্দু বলেন, ‘ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে সেনা পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত, এরা জানেই না। গোটা পাঁচ-সাতেক ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে।’
‘ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছে, নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না। ওরা ষাট-সত্তর সালে আছে। এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না, বন্দুকের যুদ্ধ হয় না, ম্যানপাওয়ার লাগে না, পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত।’
২০২৫’র ১৯ জানুয়ারি : কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় শুভেন্দু বলেন, ‘ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিকির তুলে টিকে থাকতে চাইছে। কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে। চিমটি কাটছে, আঁচড় কাটছে—আমরা বড় ভাই হিসেবে সহ্য করছি। বেড়া আমরা দেবই।’
২০২৫’র ২২ ডিসেম্বর : দীপু দাস হত্যার প্রতিবাদে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও
বাংলাদেশে দীপু দাস হত্যায় প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে শুভেন্দু বলেন, ‘আমরা এখানে ভারত সরকারের কমার্স অফিসেও যাব। গিয়ে বলব এক টন এক্সপোর্ট পারমিটও এখান থেকে দেওয়া যাবে না। এক কেজি পেঁয়াজও ওখানে পাঠানো যাবে না। যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়।’
‘আমরা পুনরায় ১০ হাজার মানুষ নিয়ে আমরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করব। যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, আমরা ডেপুটি হাই কমিশনারকে সুস্থভাবে এখানে অফিসে বসতে দেব না। এক কেজি পেঁয়াজও বাংলাদেশে পাঠাতে দেব না, দেব না, দেব না।’
২০২৫’র ২৭ ডিসেম্বর : ইসরাইল যেমন গাজায় শিক্ষা দিয়েছে, ঠিক সেভাবে বাংলাদেশকেও শিক্ষা দিব
দীপু দাস হত্যার প্রতিবাদে আয়োজিত আরেক কর্মসূচিতে শুভেন্দু বলেন, ‘এই লোকদের অবশ্যই একটা শিক্ষা দিতে হবে। ঠিক যেমনটা ইসরাইল গাজাকে দিয়েছে। আমাদের সরকার হিন্দু এবং দেশের স্বার্থে কাজ করছে। অপারেশন সিঁদুরে আমরা যেভাবে পাকিস্তানকে শিক্ষা দিয়েছিলাম, ঠিক তেমনি একটা শিক্ষা তাদেরও দিতে হবে।’
এসি//