আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার (০৮ মে) কলকাতায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর তার নাম চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর প্রথমে দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দেন। পরে তিনি নিউ টাউনের একটি হোটেলে যান এবং দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী ও সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। ওই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয় এবং শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে সামনে আসে।

যদিও নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতেই যাচ্ছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর বিজেপির এই ঐতিহাসিক জয়ে তার ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, অমিত শাহ শুক্রবার রাতে নিউ টাউনের হোটেলেই অবস্থান করবেন। এরপর শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পশ্চিমবঙ্গ #শুভেন্দু অধিকারী