দেশজুড়ে

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (০৮ মে) রাত সোয়া ১১টার দিকে উপজেলার ধজনগর সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০) এবং ধজনগর বাতানবাড়ি এলাকার কলেজশিক্ষার্থী মো. মোরছালিন (২২)। মোরছালিন স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার রাতে কয়েকজন ব্যক্তি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যান। পরে ভারতীয় অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মোরছালিন গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। 

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে মো. মোরছালিন ও নবীর হোসেন গুলিবিদ্ধ হন। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো এবং পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #বিএসএফ