আন্তর্জাতিক

দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা

আন্তর্জাতিক ডেস্ক

আসামের ভেটেরিনারি মাঠে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। হাজারো মানুষের উপস্থিতি, কড়া নিরাপত্তা আর রাজনৈতিক নেতাদের সরব অংশগ্রহণের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিজেপি আসামে সরকার গঠন করল।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সাড়ে ১১টার পর খানাপাড়া এলাকার ওই মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারতের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান। একই অনুষ্ঠানে আরও চারজন বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব ও গোপনীয়তার শপথ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। এছাড়া এনডিএ জোটভুক্ত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেন। পুরো এলাকা জুড়ে ছিল কঠোর নিরাপত্তা বলয়, ব্যারিকেড, যান চলাচলে নিয়ন্ত্রণ এবং বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা।

শপথ গ্রহণের পরপরই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান হিমন্ত বিশ্বশর্মা।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়াই হবে তার সরকারের প্রধান লক্ষ্য।

প্রসঙ্গত, বিজেপি, আসাম গণ পরিষদ (এজিপি) এবং বিপিএফ নিয়ে গঠিত এনডিএ জোট আসাম বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে। ১২৬ আসনের মধ্যে জোটটি ১০২টি আসনে জয়ী হয়। এর মধ্যে এককভাবে বিজেপি ৮২টি আসন পেয়ে রাজ্যে প্রথমবারের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এজিপি ও বিপিএফ উভয় দলই ১০টি করে আসন লাভ করে।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হিমন্ত বিশ্বশর্মা #আসাম