গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ঘুমের মধ্যে এক ভিক্ষুকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার পাঞ্জাবির পকেটে মিলেছে ৭০ হাজার ৮৬০ টাকা। মৃত ভিক্ষুকের নাম আবুল হোসেন (৬৫)।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই স্কুলের দফতরি আরিফ হোসেন বলেন, গতকাল রাত ৯টায় ওই ভিক্ষুক স্কুলের বারান্দায় এসে বিশ্রাম নেন। রাতে সেখানে ঘুমিয়ে পড়েন। সকালে বিদ্যালয় খুলতে গেলে তাকে বারান্দায় ঘুমানো অবস্থায় দেখতে পান। ডাক দিলে ঘুম থেকে না উঠায় গায়ে হাত দিয়ে ধাক্কা দিলে মৃত অবস্থায় পান।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের বারান্দায় ওই ভিক্ষুকের মৃত্যুর খবর দেন স্থানীয় লোকজন। পরে লাশ উদ্ধার করা হয়। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, আবুল হোসেনের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তায় এক জোড়া স্যান্ডেল, একটি লুঙ্গি, একটি পাঞ্জাবি এবং চারটি পানির বোতল পাওয়া যায়। তার গায়ে থাকা পাঞ্জাবির পকেট থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো টাকা পওয়া যায়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে পলিথিন খুলে গণনা করে ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ভিক্ষা করে তিনি টাকাগুলো জমিয়ে রেখেছিলেন।
ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ভিক্ষুকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার নিশ্চিত হতে পেরেছে পুলিশ। তার বাড়ি খুলনার বাটিয়াঘাটা থানায়। ওই এলাকার পুলিশের মাধ্যমে ভিক্ষুকের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জমানো ৭০ হাজার ৮৬০ টাকা বুঝিয়ে দেওয়া হবে। বর্তমানে উদ্ধার হওয়া টাকাগুলো পুলিশের হেফাজতে আছে।
আই/এ