খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউতে থাকা রোগীদের দ্রুত সরিয়ে নেয়ার সময় একজন রোগীর মৃত্যু হয়েছে। এর আগে আগুন লাগার কিছুক্ষণ আগে আরও একজন রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২০ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরোনো আইসিইউ ইউনিটের পাশের স্টোররুমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে থাকা ১৫ জন রোগীকে দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। এ সময় একজন রোগী মারা যান। এর আগে ভোর পাঁচটার দিকে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় দুইজন নার্সসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাসপাতালের স্টাফ, সিনিয়র নার্স এবং ফায়ার সার্ভিসের একজন সদস্যও রয়েছেন।
আইসিইউ ইনচার্জের ধারণা, স্টোররুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। সেখানে থাকা পুরোনো সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের বিভিন্ন অংশে তালা থাকায় শুরুতে উদ্ধার কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়। পরে দ্রুত অভিযান চালিয়ে রোগী, চিকিৎসকসহ বেশ কয়েকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
ঘটনার পর পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী ও স্বজনরা নিরাপদ স্থানে চলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসি//