আইন-বিচার

রামিসা হত্যা মামলা: আসামির পক্ষে লড়বে না আইনজীবীরা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনায় অংশ নেবেন না। ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) কার্যনির্বাহী কমিটি এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কোনো বিজ্ঞ আইনজীবী এই জঘন্য হত্যাকাণ্ডের আসামির পক্ষে আদালতে আইনি লড়াই পরিচালনা করবেন না। 

এর আগে, গেল মঙ্গলবার সকালে পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচে শিশু রামিসার মাথা বিহীন দেহ খুঁজে পায় পুলিশ। এরপর একই ফ্ল্যাটের বাথরুমের বালতি থেকে তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। এই হৃদয়বিদারক ও নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে রামিসা নিজের বাসা থেকে বের হলে প্রধান অভিযুক্ত সোহেল রানা তাকে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়।

হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় বাসিন্দারা সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ধরতে পারলেও, অভিযুক্ত সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পুলিশ প্রথমে তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নেয় এবং পরে বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মূল অপরাধী সোহেল রানাকে গ্রেপ্তার করে। 

পুলিশের জানায়, গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

 

আরআই/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রামিসা