চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক শ্রমিক। এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
শনিবার (২৩ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যায় শানসি প্রদেশের লিউশেনইউ কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খনিটি পরিচালনা করেছিল টংঝৌ গ্রুপ।
দুর্ঘটনার সময় খনিটিতে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। বিস্ফোরণের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। সময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা নিশ্চিত এবং জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ছয়টি উদ্ধারকারী দলের ৩৪৫ সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, খনি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
এমএ//