ভারতের দিল্লিতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন বাংলাদেশি শিক্ষার্থী মোস্তফা আহমেদ সাগর (২৫)। শনিবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার পর আত্মহত্যা করেন তিনি।
নিহত সাগর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাসিন্দা মোশারফ হোসেন মিন্টুর ছেলে। তিনি গেল তিন বছর ধরে ভারতের দিল্লির ফরিদাবাদ এলাকায় অবস্থিত মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ন করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে নিজের ফেসবুক পোস্টে সাগর ব্যক্তিগত হতাশা, মানসিক ক্লান্তি ও ভালোবাসা নিয়ে গভীর আবেগপূর্ণ কিছু কথা লিখে যান। পোস্টে তিনি পরিবার, বন্ধু ও এক প্রিয় মানুষকে উদ্দেশ করে ক্ষমা ও দোয়া চান। একইসঙ্গে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধও জানান।
সাগরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও স্বজনরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবার সদস্যরা।
তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
বায়ান্ন টিভির পাঠকদের জন্য সাগরের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো -
মামা বাবা আমায় মাফ করিও। নিজেকে অনেক বাঁচানোর জন্য যুদ্ধ করলাম, অবশেষে আজ আমি ক্লান্ত এবং চলে যাচ্ছি খোদার কাছে।
ঘরে ফিরে হয়তো বিজয় উদ্যাপন করতে পারলাম না, কি দুর্ভাগা আমি! দেশের জন্য কতটুকু করতে পেরেছি জানি না। আমি শুধু আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম। ভুল করে থাকলে মাফ করবেন।
জীবনে একটা চাওয়া খোদার কাছে প্রতিটা সময়ই চেয়েছি, পেয়েও পায়নি। রাখার চেষ্টা করেও রাখতে পারিনি। আমি এতটাই হতভাগা হয়ে জন্ম নিয়েছিলাম।
ভালো থাকুক ভালোবাসার মানুষটি, তার হাতে হয়ত হাত রেখে বেঁচে থাকার স্বপ্নটা পুরন হলো না। কত করে বুঝিয়েছি, হলোই না। তাকে কথা দিয়েছিলাম হয় তুমি নয় মৃত্যু। তাকে কথা দেওয়াটা পুরন করে তাকে মুক্তি দিলাম। তাকে কেউ দোষারোপ করবেন না, তাকে বাঁচতে দিয়েন আমার জন্য হলেও।
আর হ্যাঁ, আমাকে যেন পোস্টমর্টেম না করা হয়, কারণ সে কষ্ট পাবে। আমাকে পারলে ঝামেলাহীন দাফন করে দিয়েন।
কবরের দেওয়ালে লিখে দিয়েন "হতভাগা"
ভালো থেকে তুমি, তোমায় দেওয়া কথা পুরন করলাম। কান্না করবে না বুঝছো৷ তোমার কান্না আমার সহ্য হয় না৷ তুমি আমার জন্য দোয়া কইরো।
বিদায় প্রিয় মানুষ, বন্ধু, বাবা-মা
এই স্ট্যাটাস প্রকাশের পরপরই তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর খবরে পরিবার কান্নায় ভেঙে পড়ে। সাগরের মরদেহটি অতিদ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানান পরিবার ও স্বজনেরা।
পিডি/এমএ//