খুলনার হরিনটানা উপজেলায় একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী নামে এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) ভোরে ফজরের নামাজ আদায় করতে এসে স্থানীয় মুসল্লিরা উপজেলার কৈয়া বাজারের জয়খালী ব্রিজসংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের বারান্দায় মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।
নিহত ডালিম গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথায়ও জখমের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করছে।
হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ফজরের নামাজের সময় মুসল্লিরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সুরতাহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এসি//