ঈদের দিন থেকে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। মাল্টিপ্লেক্স চেইন ও একক হল মিলিয়ে দেশের মোট ১০৩টি হলে চলছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই দর্শক চাহিদা বেড়ে গেছে। একারনে ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ‘রকস্টার’-এর শো ছিল ১৮টি। তবে দর্শকদের আগ্রহ ও টিকিট চাহিদার কারণে মাত্র এক দিনের ব্যবধানে শো বাড়িয়ে ৩৬টি করা হয়েছে। বিষয়টি সিনেমাপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রেক্ষাগৃহে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দর্শকরা। দীর্ঘদিন পর অ্যাকশন ঘরানার বাইরে রোমান্টিক চরিত্রে শাকিব খানকে দেখে উচ্ছসিত ভক্তরা।
সিনেমাটির মুক্তির দিন বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানেন পরিচালক আজমান রুশো ও অভিনেত্রী সাবিলা নূর। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিচালক বলেন, ‘রকস্টার’-এর মাধ্যমে তিনি দর্শকদের সামনে একেবারে নতুনভাবে শাকিব খানকে তুলে ধরতে চেয়েছেন।
তিনি জানিয়েছেন, এই সিনেমায় অ্যাকশন বা আইটেম গান নেই। দীর্ঘদিন ধরে চলে আসা ধারা থেকে বের হয়ে তারা ভিন্ন কিছু দিতে চেয়েছেন। দর্শকদের ভালো লাগছে কি না, সেটা বুঝতে আরও কিছুটা সময় লাগবে। তবে তারা নতুনত্ব আনার চেষ্টা করেছেন।”
পরিচালক আরও জানান, সিনেমাটির গল্পে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। নির্মাণে আসার আগে নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের রকস্টারদের গল্প থেকেই সিনেমাটির ভাবনা এসেছে।
‘রকস্টার’ সিনেমার বেশির ভাগ গানের কথা ও সুর করে কন্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। এছাড়া রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গানও রয়েছে ছবিতে। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও ভারতের গায়িকা সুনিধি নায়েক।
পিডি