ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষেপেছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়া এবং লেবাননের বৈরুতে হামলা বন্ধে ট্রাম্পের অনুরোধ নেতানিয়াহু মেনে নেয়ায় তারা এই ক্ষোভ ঝাড়ছেন। লেবাননে যুদ্ধবিরতি এবং বৈরুতের দক্ষিণ উপশহরের পরিকল্পিত বিমান হামলা বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নেয়ায় নেতানিয়াহুর উপর বেশ চটেছেন ইসরায়েলী রাজনীতিকরা।
ইসরাইলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ইসরাইল এখন ‘সম্পূর্ণ অভিভাবকত্বে থাকা একটি দেশে’ পরিণত হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরোপুরি ট্রাম্পের শর্ত ও চাপের কাছে নতি স্বীকার করেছেন।
নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল ‘ইসরায়েল বেইতেনু’র প্রধান আবিগডোর লিবারম্যানও। তিনি নেতানিয়াহুকে একজন ‘পুতুল’ হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হাইয়ম’ এর প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান বলেছেন নেতানিয়াহু ‘কোনো প্রধানমন্ত্রীই নন’।