আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

শুক্রবার (০৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতভর দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার দুয়েইর শহরে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। একটি ভবন লক্ষ্য করে চালানো ওই হামলায় একজন নিহত এবং একজন আহত হন।

এছাড়া বৃহস্পতিবার ভোরে হাব্বুশ সড়কে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে আরও একজন আহত হয়েছেন।

অন্যদিকে উপকূলীয় টাইর অঞ্চলে জাবাল আমেল হাসপাতালের আশপাশে ইসরাইলি যুদ্ধবিমান চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

হামলায় একটি ব্যাংক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ ও টাইর জেলায় ইসরাইলি হামলা বেড়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত বিমান ও ড্রোন হামলার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার কাছাকাছি হামলার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #লেবানন #ইসরাইল