বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন শেষ হতে না হতেই এক নাটকীয় মোড় সামনে এসেছে। রাজশাহী বিভাগের পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া মীর শাকরুল আলম সিমান্ত দায়িত্ব নেওয়ার মাত্র একদিন পরই পদত্যাগ করেছেন।
গেল রোববারের (০৭ জুন) নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে যে সাতজন পরিচালক বিনা বাধায় নির্বাচিত হয়েছিলেন, মীর শাকরুল আলম সিমান্ত ছিলেন তাদেরই একজন। অবশ্য তার এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে খুব একটা চমক তৈরি করেনি। কারণ ব্যক্তিগত কারণ দেখিয়ে আগেই তিনি বোর্ড থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়ে রেখেছিলেন।
বিসিবির প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম জানান, ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে যাওয়ার পর সিমান্ত নাম প্রত্যাহার করতে না পারায় নিয়ম অনুযায়ী তাকে নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়েই আসতে হয়েছে। তবে নির্বাচন শেষ হওয়ার পর পদত্যাগে কোনো আইনি বাধা না থাকায়, নতুন বোর্ডের প্রথম সভা শেষেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন।
বিসিবির একজন শীর্ষ কর্মকর্তার সূত্রে জানা গেছে, মীর শাকরুল আলম সিমান্তের এই সিদ্ধান্তের কথা বোর্ড আগেই জানত এবং তা গণমাধ্যমেও এসেছিল। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া চলমান থাকায় নিয়মরক্ষার্থেই তাকে এতদিন অপেক্ষা করতে হয়েছে।
এদিকে বিসিবির গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, কোনো পরিচালকের পদ খালি হলে সেখানে নতুন করে নির্বাচন করা বাধ্যতামূলক। ফলে সিমান্তের এই আকস্মিক বিদায়ের কারণে রাজশাহী বিভাগের শূন্য পরিচালক পদে আবারও দ্রুতই ভোটের আয়োজন করতে হবে ক্রিকেট বোর্ডকে।
আর/আই