আন্তর্জাতিক

ফের ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, ৩ ভারতীয় নাবিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ওমান উপকূলের কাছে আবারও একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে চলতি সপ্তাহের আরেক সামুদ্রিক ঘটনায় নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটি।

বৃহস্পতিবার (১১ জুন) মাসকাটে ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ওমানের শিনাস বন্দরের কাছে একটি জাহাজে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

ওমানের স্থানীয় সংবাদমাধ্যম মাসকাট ডেইলি জানিয়েছে, শিনাস উপকূলের কাছে অবস্থানরত তেলবাহী জাহাজ এমটি জালভিরের ইঞ্জিন কক্ষে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সোহার উপকূল থেকে প্রায় ২১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে ওমান উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি সেট্টেবেলোতে হামলার ঘটনা ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছিল, জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের মাধ্যমে সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ওই ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও তিন ভারতীয় নাবিক নিখোঁজ ছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়। বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক বিবৃতিতে বলেন, এমটি সেট্টেবেলোতে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মরদেহ উদ্ধার ও শনাক্ত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

 

ভারত সরকার নিহত নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ওমান #তেলবাহী জাহাজ #হরমুজ #ইরান