খুলনায় প্রকাশ্য দিবালোকে রফিক গাজী নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রফিকুল ইসলাম বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি লবণচরা থানার কাজীপাড়ার রতন গাজীর ছেলে। এলাকায় ঢাকাইয়া রফিক নামে তিনি পরিচিত ছিলেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে মহানগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রফিক দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় তার পেটে গুলি লাগলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমীর এজাজ খান জানিয়েছেন,রফিক গাজী বটিয়াঘাটার জলমা ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না।ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হত্যাকণ্ডের সাথে জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আই/এ