আম খেতে ভালবাসেনা এমন মানুষ পাওয়া দুস্কর। গরমের এই সময়ে বাজারে মিলছে নানা জাতের সুস্বাদু আম। ভরা মৌসুমে দাম তুলনামূলক কম থাকায় অনেকেই একসঙ্গে বেশি পরিমাণে আম কিনে রাখেন। তবে সমস্যা দেখা দেয় সংরক্ষণে। ফ্রিজে পর্যাপ্ত জায়গা না থাকলে সব আম রাখা সম্ভব হয় না। আবার ঘরের স্বাভাবিক তাপমাত্রায় বেশি দিন রাখলে আম দ্রুত পেকে যায় বা পচে যেতে পারে।
তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলে ফ্রিজ ছাড়াও কয়েক দিন আম ভালো রাখা সম্ভব।
১. ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন
বাজার থেকে আনার পর আমগুলো ২ থেকে ৩ ঘণ্টা ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন। এতে আমের ভেতরের তাপমাত্রা কমে যায় এবং দ্রুত পাকতে শুরু করে না। পরে আমগুলো তুলে শুকনো সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।
২. কাগজে মুড়িয়ে সংরক্ষণ করুন
আমের আর্দ্রতা ধরে রাখতে এবং বাইরের গরম বাতাসের প্রভাব কমাতে প্রতিটি আম সাধারণ কাগজে মুড়িয়ে রাখুন। এরপর পিচবোর্ডের বাক্স বা ঝুড়িতে পাশাপাশি সাজিয়ে রাখুন। এতে আমে সহজে কালো দাগ পড়ে না এবং দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কাও কমে।
৩. প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন না
প্লাস্টিকের ব্যাগে আম রাখলে ভেতরে আর্দ্রতা জমে দ্রুত পচে যেতে পারে। বাক্স না থাকলে মেঝেতে খবরের কাগজ বা চট বিছিয়ে তার ওপর আম ছড়িয়ে রাখুন।
৪. ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন স্থান বেছে নিন
আম সংরক্ষণের জন্য এমন জায়গা নির্বাচন করুন যেখানে সরাসরি রোদ পড়ে না এবং অতিরিক্ত তাপও নেই। একই সঙ্গে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে।
৫. গাদাগাদি করে রাখবেন না
আম একটির ওপর আরেকটি চাপিয়ে বা গাদাগাদি করে রাখবেন না। প্রতিটি আমের মধ্যে সামান্য ফাঁকা জায়গা রাখুন। এতে বাতাস চলাচল সহজ হবে এবং পচনও কম হবে।
৬. প্রতিদিন আম পরীক্ষা করুন
দিনে অন্তত একবার আমগুলো দেখে নিন। কোনো আমে কালো দাগ দেখা গেলে বা নরম হয়ে গেলে দ্রুত সেটি আলাদা করে ফেলুন। এতে একটি পচা আমের কারণে অন্য আম নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।
মনে রাখবেন
সঠিকভাবে সংরক্ষণ করলে ফ্রিজ ছাড়াও আম কয়েক দিন পর্যন্ত টাটকা ও সুস্বাদু রাখা সম্ভব। তাই একসঙ্গে বেশি আম কিনলেও চিন্তার কারণ নেই—শুধু মেনে চলুন এই সহজ নিয়মগুলো।
পি/ডি