জাতীয়

সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

ফাইল ছবি

পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৪ জুন) সংসদে বাজেট অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া এক বক্তব্যে এ তথ্যটি নিশ্চিত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতির একটি মামলায় গত শুক্রবার দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অতি দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনের উর্ধ্বে কেউ নয়।

তিনি বলেন, গত ১২ জুন দুবাই পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায়, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন।

জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার মামলা দায়ের করে দুদক। মামলায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ আনা হয়। দুদকের তদন্তে তার ঘোষণা বহির্ভূত প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়।

চলতি বছরের ৩ মে এই মামলায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং ১৩ মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বেনজির আহমেদ