জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

ছবি: সংগৃহীত

কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে রোববার (১৪ জুন) দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও দিল্লিতে প্রবেশ না করে কলম্বোতে চলে যান তিনি।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার কথা ছিল জাহেদ উর রহমানের।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে এই উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবারই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল।

সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি তারা। 

এমতাবস্থায় জাহেদ উর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন। আজ সোমবার (১৫ জুন) দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #উপদেষ্টা জাহেদ উর রহমান #দিল্লি #প্রবেশে বাধা