জাতীয়

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পদত্যাগ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় নৈতিক দায় নিয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডা. শেখ মহিউদ্দিন। তার স্থলাভিষিক্ত হিসেবে ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক জামালুন্নেসা।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক-কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। ঘটনার পর প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

একইসঙ্গে হাসপাতালের তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং চিকিৎসাসেবার বিভিন্ন প্রটোকল নতুন করে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উন্নয়নে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে সংস্কার কার্যক্রম চলছে।

এছাড়া করপোরেট অফিসের ওপরে থাকা বেকারি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় শিক্ষকতা করার পর তিনি সম্প্রতি স্বেচ্ছায় অবসর নেন।

১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। পরে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি সম্পন্ন করেন অধ্যাপক জামালুন্নেসা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল #নির্বাহী পরিচালক