পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত যুবককে জীবিত উদ্ধারের পাশাপাশি তার অটোরিকশা ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবক মো. রাফি খান (১৯) উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের তারিকাটা এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে।
সোমবার (১৫ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের আটক কর হয়। আজ (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এ ঘটনায় রাফির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন অভিযুক্তরা মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের মো. রাফি খানের (১৯) অটোরিকশা ভাড়া নিয়ে কুয়াকাটার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে। পরদিন আবার গাড়ি নেওয়ার কথা বলে তার মোবাইল নম্বর নেয়। পরদিন ১৪ জুন সকালে নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর ব্রিজ এলাকা থেকে রাফিকে পরিকল্পিতভাবে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
অপহরণের পর দুর্বৃত্তরা রাফির পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে বাঁচাতে তার বাবা প্রথমে ৫০ হাজার টাকা দেন। পরে বাকি টাকা না দিলে রাফিকে হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগ পেয়ে কলাপাড়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. জাহিদ প্যাদা ও মো. ইমরান গাজীকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকা থেকে অপহৃত রাফি খানকে উদ্ধার এবং অপর অভিযুক্ত মো. কোয়েল গাজীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারের পর আহত রাফি জানান, অপহরণকারীরা তাকে আটকে রেখে ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন করেছে।
বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওসি নজরুল ইসলাম বলেন, অভিযানের মাধ্যমে অপহৃত যুবককে নিরাপদে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
আর/আই