ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে একই স্থানে ও একই সময়ে পৃথক দুটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে একটি পক্ষ কসবা আখাউড়ার সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মুশফিকুর রহমান কে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ র্যালির আয়োজন করে।
অপরদিকে, বিএনপি'র আরেকটি পক্ষ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে আলোচনা সভার আয়োজন করে। ওই সভায় কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
একই স্থান ও সময়ে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করে। এর ফলে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা জারির পর থেকে কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আই/এ