দক্ষিণ লেবাননে রাতভর চালানো অভিযানে হিজবুল্লাহর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। নাবাতিয়েহ অঞ্চলসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
শুক্রবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী দাবি করেছে, অভিযানে হিজবুল্লাহর সদস্য, কমান্ড সেন্টার, রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবস্থান এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় হিজবুল্লাহর কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে বেউফোর্ট অঞ্চলে হিজবুল্লাহর কথিত ‘কৌশলগত ভূগর্ভস্থ অবকাঠামো’ ধ্বংসে তারা গুরুত্ব দিচ্ছে।
একই সঙ্গে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় হিজবুল্লাহর দুটি কমান্ড সেন্টারেও সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইসরাইল।
এর আগে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান ও গোলন্দাজ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় বা ইসরাইলি বাহিনীর দাবির স্বাধীন কোনো যাচাই এখনো পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আওতায় লেবানন ফ্রন্টেও যুদ্ধ বন্ধের আলোচনা চললেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এতে সীমান্তবর্তী অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বাড়ছে।
এমএ//