খেলোয়াড়দের স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেজ্ঞাধার বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান।
বৃহস্পতিবার (১৮ জুন) ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানান, ‘লস অ্যাঞ্জেলেসে ম্যাচটি দুপুরে অনুষ্ঠিত হবে। তাই খেলোয়াড়দের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য আমরা দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু কারিগরি ও পেশাদার কারণ দেখানোর পরও আমাদের অনুরোধ আবারও নাকচ করা হয়েছে।’
বর্তমানে ইরান ফুটবল দলের বেস ক্যাম্প রয়েছে মেক্সিকোর তিহুয়ানায়। আগামী রবিবার (২১ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।
ইরানের দাবি, ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি চেয়েছিল তারা। কারণ খেলোয়াড়দের স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুতি শেষ করা। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি সিবিএস নিউজকে বলেন, ‘ইরানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ম্যাচের এক দিন আগে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। এরপর ম্যাচ শেষ হওয়ার দিন সন্ধ্যাতেই তাদের চলে যেতে হবে। লস অ্যাঞ্জেলেসে এই নিয়মই কার্যকর থাকবে।’
তিনি আরও জানান, আসছে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ইরানের শেষ গ্রুপ ম্যাচের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
এর আগে গেল সোমবার লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে ইরান। ম্যাচটি স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই পুরো ইরান দল যুক্তরাষ্ট্র ত্যাগ করে মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যায়। এতে খেলোয়াড়রা হোটেলে থেকে বিশ্রাম নেওয়ারও সুযোগ পাননি, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
আর/আই