দেশজুড়ে

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশিদ-এর দাফন সম্পন্ন হয়েছে। 

শনিবার (২০ জুন) বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে শহরের শেরপুর কবরস্থানে দাফন করা হয়।

পরিবার ও দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এর আগে শুক্রবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।  এরপর তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হলে বিপুলসংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন এবং জানাজায় অংশ নেন।

জানাজায় অংশ নিয়ে রাজনৈতিক সহকর্মী ও পরিবারের সদস্যরা প্রবীণ এই রাজনীতিকের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ও ৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার , জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

এআর/এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #বিএনপি