বিনোদন

সালমান শাহ'র দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার মৃত্যুরহস্য উদঘাটনের অংশ হিসেবে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করার নির্দেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত মামলার বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের পূর্ববর্তী আদেশ বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সালমান শাহকে দাফন করা হয়েছে এবং সেখানে তার কবর রয়েছে। এ অবস্থায় দেহাবশেষ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে আপত্তি জানিয়েছেন অভিনেতার মা নীলা চৌধুরীও।

এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ কবর থেকে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে ২৪ মে আদালত দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন। যদিও বিষয়টি প্রকাশ্যে আসে ১০ জুন।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত মামলাটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #সালমান শাহ