চলচ্চিত্র অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন। তিনি দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান জাকির হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন জাকির হোসেন। শনিবার (২০ জুন) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসা নিতে গেলেও শেষ রক্ষা হয়নি। সবশেষে প্রাণঘাতী এই রোগের কাছে হার মানতে হলো তাকে।
অসংখ্য জনপ্রিয় সিনেমায় নৃত্য নির্দেশনার মাধ্যমে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন জাকির হোসেন। শুধু নৃত্য পরিচালনাই নয়, অভিনয়শিল্পী হিসেবেও তিনি দর্শকদের কাছে পরিচিত ছিলেন। এছাড়া, চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং শোক প্রকাশ করছেন।
পি/ডি