চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা দিতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত নতুন তারিখ হিসেবে ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় নিথর অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুরুতে এ ঘটনায় রমনা থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছিল। তবে সালমান শাহের পরিবার শুরু থেকেই তার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে আসছিল।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন তার মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন।
মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লিও ওরফে লুসি, ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ডন, পাঁচ দিনের রিমান্ড
সালমান শাহ হত্যা মামলায় গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পরে ১২ আগস্ট ডনের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ২০ আগস্ট ডনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে ২৭ আগস্ট আদালত সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দীর্ঘদিনের রহস্য ঘেরা এই মৃত্যুর ঘটনা হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের আওতায় আসার পর থেকেই বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এখন তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর মামলার পরবর্তী আইনি অগ্রগতি কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে সালমান শাহের ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের।
এসি//