শিক্ষা

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ

বায়ান্ন প্রতিবেদন

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বিশেষ নীতি প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

রোববার (৩০ আগস্ট) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগের সরকার অকৃতকার্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট গুরুত্ব দেয়নি। তবে বর্তমান সরকার তাদের জন্য বিশেষ নীতি তৈরির উদ্যোগ নিয়েছে।

শিক্ষা উপদেষ্টা জানান, পরীক্ষায় ফেল করা তরুণদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, স্বল্পমেয়াদি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তাদের দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। প্রয়োজন হলে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তাও দেওয়া হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি সামনে আসার পর এ উদ্যোগের কথা জানালেন শিক্ষা উপদেষ্টা।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। আর অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

ফলাফল ও মূল্যায়নের স্বচ্ছতা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, আগের সময়ে ফলাফলের পরিসংখ্যান ভালো দেখাতে কৃত্রিমভাবে জিপিএ-৫ বাড়ানো এবং পরীক্ষা না দিয়েও পাস করিয়ে দেওয়ার মতো অনিয়মের চর্চা ছিল। বর্তমান সরকার সেই ব্যবস্থা বন্ধ করেছে।

তিনি আরও বলেন, এবার কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি। শিক্ষার্থীদের শতভাগ নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে প্রকৃত ফলাফল ও জিপিএ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভবিষ্যৎ নির্ধারণ করা হবে না। কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের কর্মজীবনে যুক্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উদ্যোক্তা তৈরির উদ্যোগও নেওয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #এসএসসি #বিশেষ নীতি #অকৃতকার্য শিক্ষার্থী #ফেল