দেশজুড়ে

ইতালিতে ট্রিপল মার্ডার: এক বছর আগের হুমকির চিঠি ঘিরে নতুন রহস্য

বায়ান্ন প্রতিবেদন

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় একই পরিবারের তিন বাংলাদেশি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত শুক্রবার (২৬ জুন) রাতে রোমের কাছাকাছি ক্যাসালোত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী মমতাজ বেগম আরজু এবং তাদের মেয়ে আরওয়া ইসলাম আরিশা। এ ঘটনায় তাদের ছেলে আমির হোসেন অয়ন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ইতালিয়ান পুলিশ শাহাদাত হোসেন নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সূত্র জানিয়েছে।

নিহতের স্বজনদের দাবি, এর আগে ২০২৫ সালের ২ জুলাই রাতে বাবুলের বাবা সিরাজুল ইসলামের বাড়ির ফটকের নিচে ‘লাল বাহিনী’ নামে একটি কথিত ডাকাত দলের হুমকির চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে বাবুল ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়।

প্রবাসী ও স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, পারিবারিক বিরোধ এবং ব্যক্তিগত সম্পর্কজনিত দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ বিষয় নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা ও সমঝোতার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইতালিয়ান পুলিশ।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, বিদেশের মাটিতে একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দ্রুত তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে আহত আমির হোসেন অয়নের দ্রুত সুস্থতাও কামনা করেন।

জানা গেছে, নিহত কামাল উদ্দিন গত বছর স্ত্রী-সন্তানসহ দেশে বেড়াতে এসেছিলেন। সে সময় তার পরিবারের বিরুদ্ধে হুমকির একটি চিঠি পাওয়ার পর তার বাবা সিরাজুল ইসলাম কোম্পানীগঞ্জ থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।

চিঠিতে লেখা হয়েছিল, ‘জনাব সিরাজ মিয়া আশা করি ভালো আছেন। রাতে আপনার সঙ্গে ঘরে দেখা হবে। আর আমরা আসলে আমাদের চাহিদামতো টাকাপয়সা ও স্বর্ণালংকার না পাই, আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেবো।’

চিঠিতে আরও লেখা ছিল, ‘শিগগিরই তোমার বাড়িতে আসতেছি। যদি তোমার ছেলে, নাতি ও বউয়ের ইজ্জত বাঁচাতে চাও তাহলে টাকা ও গহনাগাটি সব আমাদের চাহিদা মতো রাখবে, যাতে আমরা খালি হাতে না ফিরি। আমরা জানি তোমার ঘরে প্রচুর গহনাগাঁটি আছে। এসব না পেলে তোমার ছেলে ও নাতিকে দুনিয়া ছাড়া করবো। আর তোমার ছেলের বউকে ধর্ষণ করবো। ইতি তোমাদের স্নেহধন্য লাল শাহ ডাকাত, লাল বাহিনীর প্রধান।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইতালি #রোম #নিহত #৩ বাংলাদেশি