আন্তর্জাতিক

সাবেক প্রেমিকাকে নিয়ে ‘সহমরণে’ যুবকের ভয়ংকর কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভালোবাসার সম্পর্ক কখনো কখনো শেষ হয়, কিন্তু সব মানুষ সেই শেষটাকে মেনে নিতে পারেন না। তেমনই এক অসমাপ্ত সম্পর্কের পরিণতি হলো ভয়াবহ এক ঘটনা। বিচ্ছেদের কষ্ট আর জেদের বশে এক প্রেমিক এমন এক সিদ্ধান্ত নিলেন, যার শেষ হলো বিস্ফোরণ আর মৃত্যুর মধ্য দিয়ে।

ভারতের কর্ণাটকের তুমাকুরু জেলায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। শনিবার (২৭ জুন) একটি চলন্ত উবার ক্যাবের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, তুমাকুরুর সিরা তালুকের জোগিহাল্লির কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই ব্যক্তি বিচ্ছেদ মেনে নিতে পারছিলেন না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, ব্যস্ত সড়ক থেকে একটি উবার ক্যাবে করে যাওয়ার সময় তিনি তার সাবেক প্রেমিকাকে গাড়িতে তুলে নেন। এরপর গাড়ির ভেতরেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে গাড়ির ভেতরে থাকা ৩০ বছর বয়সী ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তবে বিস্ফোরণের ঠিক আগমুহূর্তে গাড়ি থেকে লাফিয়ে বের হতে সক্ষম হন তার সাবেক প্রেমিকা। ফলে প্রাণে বেঁচে যান তিনি।

এ ঘটনায় উবার ক্যাব চালকও আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তুমাকুরু জেলা হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, নাগেন্দ্র নামে নিহত ওই যুবক এবং বেঙ্গালুরুর একটি অপারেশন থিয়েটারের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ওই তরুণী আগে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে, সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়ে যায়। ব্যক্তিগত বিরোধের জেরে নাগেন্দ্রর ফোন নম্বর ব্লক করে দিয়েছিলেন ওই তরুণী।  

তদন্তকারীরা জানান, শনিবার সকালে বেঙ্গালুরুর জয়নগরে তরুণীর ভাড়া বাসায় গিয়ে নাগেন্দ্র বাগবিতণ্ডায় জড়ান এবং পরে একটি হলুদ নম্বরের উবার ক্যাবে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। তরুণী নিখোঁজ হওয়ার পর তার বাবা-মা জয়নগর থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন।

আনকোলার দিকে যাওয়ার পথে নাগেন্দ্র ওই তরুণীকে নিজে আত্মহত্যা করার আগে তাকেও মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, নাগেন্দ্রর সাথে একটি বিস্ফোরক ডিভাইস ছিল, যা তিনি সফরের সময় তরুণীকে দেখিয়েছিলেন।

ভীতিকর এই যাত্রা চরম রূপ নেয় জোগিহাল্লির কাছে পৌঁছালে। চলন্ত গাড়ির ভেতরেই নাগেন্দ্র ছুরি দিয়ে তরুণীকে আক্রমণ করেন বলে অভিযোগ। চালক তাৎক্ষণিকভাবে গাড়িটি থামালে তরুণী দরজার লক খুলে লাফ দিয়ে নিরাপদ স্থানে চলে যান।

এর কয়েক মুহূর্তের মধ্যেই গাড়িটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং পুরো বাহনটি আগুনে দাউদাউ করে জ্বলতে থাকে। কোনও সাহায্য পৌঁছানোর আগেই নাগেন্দ্র গাড়ির ভেতরে আটকা পড়ে জ্যান্ত পুড়ে মারা যান। এই বিস্ফোরণের কারণে ব্যস্ত মহাসড়কটিতে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তুমাকুরুর পুলিশ সুপার অশোক কে. ভি. জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নাগেন্দ্রের কাছে একটি বিস্ফোরক ডিভাইস ছিল এবং তিনি ইচ্ছাকৃতভাবেই সেটির বিস্ফোরণ ঘটান।

 

তিনি আরও জানান, গাড়ি থেকে বোমাসদৃশ কিছু বিস্ফোরক উপাদান উদ্ধার করা হয়েছে। এগুলোর প্রকৃতি, কীভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ওই উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল—এসব বিষয় নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #প্রেমিক #ভয়ঙ্কর কাণ্ড #সহমরণ