কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মো. জলিল (৪৮) ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ভুক্তভোগী শিশুর মায়ের ফোনকলের পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ৫ নম্বর ওয়ার্ড থেকে একজন মা ফোন করে জানান, তার ৯ বছরের শিশুকন্যাকে তার দ্বিতীয় স্বামী ধর্ষণের চেষ্টা করেছেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণপাড়া থানাকে জানানো হয়।
৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল নাদিম। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পুরো বিষয়টি সমন্বয় করেন এএসআই মাসুম বিল্লাহ।
ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আই/এ