জাতীয়

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি পুরো জাতির অর্জন: প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; এটি বাংলাদেশের সব মানুষের আন্দোলন। দল-মত নির্বিশেষে যারা রাজপথে নেমে এসেছিলেন, তাদের প্রত্যেকের অবদানকে যথাযথ সম্মান জানাতে হবে।

শনিবার (০৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের স্বপ্ন ছিল দেশের পরিবর্তন। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হবে। তবে বিচার যেন কোনোভাবেই প্রতিশোধ বা অন্যায়ের হাতিয়ার না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অতীতে স্বৈরাচার বিচার ব্যবস্থার নামে অবিচার করেছে। সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। প্রয়োজন হলে বিচার প্রক্রিয়ায় সময় লাগবে, কিন্তু তা অবশ্যই আইনের শাসন অনুসরণ করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হতে হবে।

তারেক রহমান আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ও মর্যাদা পাবে এবং সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র নিশ্চিত হবে।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বে বিশ্বাস করেন, তাদের সবাইকে দেশকে ঐক্যবদ্ধ রাখতে এগিয়ে আসতে হবে।

বক্তব্যের একপর্যায়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, যদি তিনি তার মাকে জিজ্ঞাসা করতে পারতেন— ১৭ বছর ধরে যে অন্যায়, নির্যাতন ও মানসিক কষ্ট তিনি সহ্য করেছেন, তার প্রতিশোধ নেওয়া উচিত কি না— তবে তার মা প্রতিহিংসার পরিবর্তে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পরামর্শই দিতেন। একই প্রশ্ন করলে তার ভাইও একই উত্তর দিতেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ১৭ বছর আগে যাদের সহকর্মী হিসেবে পাশে পেয়েছিলেন, তাদের অনেকেই আজ আর বেঁচে নেই, অনেকে আবার অঙ্গহানির শিকার হয়েছেন। তাদের সেই শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা তিনিও গভীরভাবে অনুভব করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী তারেক রহমান ব #জুলাই গণঅভ্যুত্থান