যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলো বেলজিয়াম।
মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটল স্টেডিয়ামে দাপুটে এক জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়ানরা। ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক চার্লস ডি কেটেলারে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। ফল পেতেও বেশি সময় লাগেনি। ম্যাচের ঠিক ৯ম মিনিটেই রাসকিনের নিখুঁত অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন চার্লস ডি কেটেলারে।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ৩১ মিনিটে মার্ক টিলম্যানের চমৎকার গোলে ১-১ সমতায় ফেরে তারা। তবে মার্কিনদের সেই উদযাপনের রেশ কাটার আগেই আবারও লিড নেয় বেলজিয়াম।
সমতায় ফেরার ঠিক দুই মিনিট পর, অর্থাৎ ৩৩ মিনিটে ট্রোসার্ডের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন কেটেলারে। এই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।
বিরতির পর মাঠে নেমেও আধিপত্য বজায় রাখে ইউরোপের রেড ডেভিলরা। ৫৭ মিনিটে হ্যান্স ভ্যানাকেনের পা থেকে আসে দলের তৃতীয় গোল। আর ম্যাচের অন্তিম মুহূর্তে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু।
শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। শেষ আটের হাইভোল্টেজ ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী স্পেনের।
আর/আই