দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পরীক্ষার্থীরা। তাদের কর্মসূচির ফলে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর একাধিক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার, সায়েন্সল্যাব মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। একই সময় শাহবাগ ও মিরপুর এলাকাতেও পরীক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা জানান, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। এ দাবিতে তারা তিন দফা দাবি ঘোষণা করেন।
শিক্ষার্থীদের প্রথম দাবি, দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত রাখতে হবে।
দ্বিতীয় দাবিতে তারা বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।
তৃতীয় দাবিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। সায়েন্সল্যাবের বিক্ষোভ কর্মসূচি থেকেও একই দাবি পুনর্ব্যক্ত করা হয়।
এই প্রদিবেদন লেখা পর্যন্ত জানা গেছে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। দাবি আদায়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছেন বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়কারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
রাজধানীর বাইরে আন্দোলনের কর্মসূচি আরও বিস্তৃত করার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের পরিকল্পনা অনুযায়ী রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব স্থানে কর্মসূচি শুরু হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এসি//