রাজধানীর কামরাঙ্গীরচরে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন । আহতরা হলেন মো. তাহসিন (১০) ও মো. ওয়াজিদ (১১)।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বেড়িবাঁধ এলাকার মাহাতাব পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আহতদের চাচা মো. সাগর সকালে মোটরসাইকেলে করে তাহসিন ও তার চাচাতো ভাই ওয়াজিদকে আজিমপুরে তাদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মাহাতাব পাম্পের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাহসিন, ওয়াজিদ ও তাদের চাচা আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, কামরাঙ্গীরচর থেকে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাদের দুজনের অবস্থাই গুরুতর এবং নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পি/ডি