চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে একটি লবণ কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে অন্তত ১১জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকেরা হলেন, দিদারুল আলম(৩২), উজ্জ্বল দাশ(৫৩), মোহাম্মদ লিটন(২৮), সিরাজুল ইসলাম(৩৪), জাহিদুল আলম(৪২), মোহাম্মদ জাহিদ হোসেন(৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম(৪৫), মাহামুদুল হক(৪৫) ও সেলিম উদ্দিন(৩০)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডীতে অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ফাঁড়ির সাব ইন্সপেক্টর (এসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ১১টার দিকে বিস্ফোরণে দগ্ধ ১০ জন শ্রমিককে চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত শ্রমিকরা জানিয়েছে হঠাৎ করে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ওয়েল্ডিং করার সময় এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পি/ডি