দেশজুড়ে

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ ৩ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার।  অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বোটানিক্যাল গার্ডেনের সামনে ভাঙা সেতুর আগে জলিল কাদের সওদাগরের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে উখিয়ার কোটবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের  সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটেসংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে সকালে রুবিনা ও শাহিনা কক্সবাজার আদালতে এসেছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে এ  দুর্ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বলেন, সন্তানদের কোচিংয়ে নিয়ে যাওয়ার পথে তার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহের সুরতহাল সম্পন্ন করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার