পটুয়াখালীতে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ ঘটনা কাউকে না জানানোর শর্তে ভয় দেখিয়ে ওই শিশুকে ইব্রাহীম পাঁচ টাকা দেন।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পশ্চিম মুরাদিয়া বোর্ড স্কুল সংলগ্ন একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান,প্রতিদিনের মত সকালে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই শিশু মাদ্রাসায় পড়তে যায়। সে সময় অন্য শিক্ষার্থীরা না থাকায় এবং বৃষ্টির মধ্যে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম তাকে একটি কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি ও বলাৎকারের চেষ্টা চালান। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে তিনি পাঁচ টাকা দেন।

পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি বিস্তারিত জানায়। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করেন এবং দুমকি থানা-পুলিশে সোপর্দ করেন।
তবে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমের দাবি , তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।
ওসি মো. সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আই/এ