হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
প্রশাসনের আশঙ্কা, উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি হতে পারে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিঘ্নিত হওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণকে জনস্বার্থে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছে জেলা প্রশাসন।
এর পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, যেকোনো ধরনের উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে— এমন সব ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এসি//