আন্তর্জাতিক

আমার বয়স মাত্র ১৫, আমাকে ক্ষমা করুন: নরেন্দ্র মোদীকে গালি দেওয়া তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক তরুণীর ক্ষমা প্রার্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে হাতজোড় করে নিজের ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে দেখা যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে ডোরাকাটা টি-শার্ট পরা ওই তরুণী বলেন, আন্দোলনস্থলে কয়েকজনের প্ররোচনায় পড়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

পুলিশের দায়ের করা এজাহারে অভিযুক্তের বয়স ২৫ বছর উল্লেখ করা হলেও, ভিডিওতে ওই তরুণী দাবি করেন, তার বয়স মাত্র ১৫ বছর।

ভিডিওতে তিনি বলেন, তিনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য। এটি তার জীবনের প্রথম এবং শেষ ভুল। তিনি পুরো দেশের কাছে ক্ষমা চাইছেন এবং নিজের কাজের জন্য অত্যন্ত লজ্জিত। সবাইকে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধও জানান তিনি।

তবে প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই তরুণীর এই ক্ষমা প্রার্থনার ভিডিও সামনে আসে। ওই বার্তায় মোদি শাস্তির পরিবর্তে ভুল করা তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রকাশিত ভিডিও বার্তায় মোদি বলেন, শৈশব বা কৈশোরে ভুল হতেই পারে এবং সেই বয়সেই ভুল সংশোধনের সুযোগ থাকে। সমাজে ক্ষোভ থাকা স্বাভাবিক হলেও এখন প্রয়োজন এসব তরুণকে আপন করে নিয়ে সঠিক পথ দেখানো। তাদের শাস্তি দেওয়া বা আদালতে টেনে হয়রানি করলে পরিস্থিতির পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে তাদের ক্ষমা করতে চান এবং সমাজকেও একই মনোভাব গ্রহণের আহ্বান জানান। তার মতে, গালিগালাজ কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না।

উল্লেখ্য, গত ২৩ জুলাই দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত শিক্ষার্থী বিক্ষোভের পর ওই তরুণীর বিরুদ্ধে সামাজিক শান্তি বিঘ্নিত করা এবং মানহানির অভিযোগে উত্তর প্রদেশের নয়ডার একটি থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়। পরে তদন্তের স্বার্থে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়। এর পরপরই প্রধানমন্ত্রী মোদির ক্ষমার আহ্বান এবং অভিযুক্ত তরুণীর ক্ষমা প্রার্থনার ঘটনা সামনে আসে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #দিল্লি #যন্তর মন্তর #নরেন্দ্র মোদি