আন্তর্জাতিক

দ্রুত হরমুজ প্রণালি খুলে না দিলে কঠোর পরিণতি ভোগ করবে ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

হরমুজ প্রণালি খুব শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে। অন্যথায় ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (০৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে "খুব ভালো আলোচনা" চলছে। তবে ইরান যদি প্রতিশ্রুতি থেকে সরে আসে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাবে।

তিনি বলেন, “আমরা তাদের খুব, খুব কঠোরভাবে আঘাত করেছি। কিন্তু আরও কঠিন আঘাত এখনো বাকি আছে। আশা করি, সেটি ব্যবহার করতে হবে না। আমরা খুব ভালো আলোচনা করছি। তারা সেটা স্বীকার করতে চায় না।”

ট্রাম্প আরও বলেন, তার প্রথম পছন্দ নতুন করে সামরিক অভিযান চালানো নয়; বরং কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান।

এদিকে ইরান আবারও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না। তেহরানের ভাষ্য, ওমানের মধ্যস্থতায় কেবল হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলোর আশা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া গেলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও আবার শুরু হতে পারে।

তবে ট্রাম্পের এই আশাবাদী বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বুধবার এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানায়, ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য কোনো সমঝোতা হলেও তার সঙ্গে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই।

সূত্র: সিএনএন

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হরমুজ #আন্তর্জাতিক ডেস্ক #ট্রাম্প #ডোনাল্ড ট্রাম্প