আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। একই সঙ্গে উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের কয়েকটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) বাপাউবোর বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস–সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়। সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন স্বাক্ষরিত বুলেটিনে এ পূর্বাভাস প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ভারি বৃষ্টির প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে দুটি নদী দুটি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে নীলফামারীর ভালিরা স্টেশনে তিস্তা নদী এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং আশপাশের এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কয়েকটি নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। আগামী দুই দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং তৃতীয় দিনে পানি স্থিতিশীল থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি স্থানে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন পানি আরও বাড়তে পারে, এরপর একদিন স্থিতিশীল থেকে তৃতীয় দিনে কমতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীসংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী একদিন তা বাড়তে পারে। অন্যদিকে কংস নদীর পানিও বাড়ছে এবং আগামী দুই দিন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।
এর প্রভাবে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী তিন দিনে বাড়তে পারে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
এমএ//