দেশজুড়ে

পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নাটোরে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক তানিম নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম।

তিনি জানান, মন্ত্রী মহোদয় বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় সন্দেহভাজন যুবকটি তার কাছাকাছি চলে আসে এবং দুইবার ধাক্কা লাগে। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নাটোর সদর থানায় নেওয়া হয়।

তিনি আরও জানান, আটক যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি কী ধরনের, তা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় আটক ওই যুবককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #পর্যটনমন্ত্রী #পিস্তল #নাটোর