ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলে নাম এসেছে। এছাড়া এমপির নিজের অশালীন ভিডিও ভাইরাল হয়েছে। এতে ইমেজ সংকটে পড়েছে দাবি করে এই এমপির বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রে চিঠি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। একজন জেলা বিএনপি নেতার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কোনও সিদ্ধান্ত জেলা বিএনপি নিতে পারে না। তাই বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্র তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আসাদুজ্জামান আসাদ বলেন, নৈতিক স্খলনজনিত অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জেলা বিএনপি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। কেন্দ্রীয় নেতারাই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আই/এ