মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পন ত্বরান্বিত করতে এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ।
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ করা হয়। সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা আশা করি, ভারত এ ব্যাপার একটি ইতিবাচক দিকে এগোবে। এছাড়া, শহীদ হাদির সন্দেহভাজন হত্যাকারীরা আপনারা জানেন, ধরা পড়েছে। ভারত যেসব কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে সহায়ক পরিবেশ দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির জন্য গুরত্বারোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল তার সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে সেখান পুশ ইন ও সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের ব্যাপারে আমাদের যে অবস্থান আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি এবং সেটা গুরত্বের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। এটা গতকালকে আমাকে তারা (দীনেশ ত্রিবেদী) জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন।
দুই দেশের সম্পর্ক কবে স্বাভাবিক হবে এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, ‘প্রথম কথা হলো আমি গণক না। সুতরাং বলতে পারব না কোনদিন এটা হচ্ছে’।
আই/এ