ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই কোটি টাকা মূল্যের ১৯২৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাড়ি বহনকারী একটি ট্রাকও আটক করা হয়।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে বিজিবি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী সন্দেহজনক একটি ট্রাক ইসলামপুর এলাকায় থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৯২৫ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা শাড়ি ও ট্রাকের আনুমানিক মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা।
জব্দ করা শাড়ি ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আই/এ